ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত ৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি গোষ্ঠী। এতে অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে প্রাসাদের নিরাপত্তারক্ষী ও বেসামরিক কর্মীরা রয়েছেন।

বৃহস্পতিবারের এ হামলার সময় সরকারের কয়েকজন সদস্য প্রাসাদের ভেতরে থাকলেও প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও অন্যান্য সদস্য নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে সরকার। হামলার পর প্রাসাদ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আশপাশের বেসামরিক বাড়িঘরেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী দাবি করেছেন, এডেনে সৌদি সামরিক অভিযানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সৌদি সামরিক উপস্থিতি রয়েছে, এমন যেকোনো স্থানকে হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করেন বলেও জানান তিনি।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর রাজধানী সানা দখল করে হুথিরা। এরপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারকে সমর্থন দিয়ে অভিযান শুরু করে। দীর্ঘ সংঘাতের ফলে দেশটির উত্তরাঞ্চল হুথিদের এবং দক্ষিণাঞ্চলের বড় অংশ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Home R3