ইউরোপকে অস্থিতিশীল করতে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে রাশিয়া: ব্রিটিশ গোয়েন্দা প্রধান

ইউরোপীয় দেশগুলোকে অস্থিতিশীল করতে রাশিয়া সাইবার হামলা, অন্তর্ঘাত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মতো হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইফাইভের প্রধান স্যার কেন ম্যাককালাম।

লন্ডনে এমআইফাইভের সদর দপ্তরে দেওয়া বার্ষিক ভাষণে তিনি বলেন, গত এক দশকে যুক্তরাজ্যের বিরুদ্ধে বিদেশি রাষ্ট্রগুলোর হুমকি চার গুণ বেড়েছে। ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোকে চাপে রাখতে রাশিয়া অপরাধীদের অর্থের বিনিময়ে নিয়োগ করে হামলা ও ষড়যন্ত্র চালাচ্ছে।

ম্যাককালাম বলেন, যুক্তরাজ্য থেকে বিপুলসংখ্যক রুশ গোয়েন্দা বহিষ্কারের পর মস্কো এখন বিকল্প পদ্ধতিতে তাদের তৎপরতা চালাচ্ছে। এ ছাড়া ইরানের আগ্রাসী কর্মকাণ্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে রুশ গণমাধ্যম ও অনলাইন ট্রলদের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টার কথাও উল্লেখ করেন এমআইফাইভ প্রধান। তবে তিনি বলেন, হস্তক্ষেপের চেষ্টা এবং ভোটের ফলাফলে তার প্রভাব এক বিষয় নয়।

সূত্র: বিবিসি

Home R3