পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করে নারীদের মেধা ও প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চালু করা হয়েছে ‘হাকিলি মুসো’ নামে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতা।
আফ্রিকা ডট ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুনে দেশটির কর্তৃপক্ষ সুন্দরী প্রতিযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয়। সাংস্কৃতিক পরিচয়, সামাজিক মূল্যবোধ ও মানবমর্যাদা রক্ষার লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়নের কথা জানায় সরকার। পরে আগস্টে নারীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে নতুন প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়।
প্রথমবারের এই প্রতিযোগিতায় বিজ্ঞানে উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ জন তরুণী অংশ নেন। এক সপ্তাহের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ শেষে তাঁরা গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। বিজয়ীদের পুরস্কার ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রতিটি বিষয়ে প্রথম স্থান অধিকারীরা ২০ লাখ সিএফএ ফ্রাঙ্ক, একটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ পান।
প্রতিযোগিতায় সফল তরুণীদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। তিনি তাঁদের নিজেদের সক্ষমতার ওপর আস্থা রেখে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এই উদ্যোগের লক্ষ্য বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং বিজ্ঞানভিত্তিক পেশায় নারীদের এগিয়ে আসতে উৎসাহিত করা।
সূত্র: আফ্রিকা ডট ওয়ার্ল্ড