ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ইহুদিবাদী ইসলাইলকে যুক্ত করার জন্য সৌদি আরবের অনুমতি চেয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আমেরিকায় মধ্যস্থতায় এ উদ্যোগ নেওয়া হলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোজা না করে দিয়েছেন। ইসরাইলি সেনাদের অংশগ্রহণে সৌদি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে তিনি মনে করছেন।
সোমবার (১২ অক্টোবর) এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ।
বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পথ তৈরি করাও নেতানিয়াহুর এ উদ্যোগের লক্ষ্য।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে আব্রাহাম চুক্তির আওতায় সৌদি আরব ও ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পক্ষে কথা বলেছেন। তবে সৌদি আরবের আনুষ্ঠানিক অবস্থান হলো, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।