ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
সোমবার (১২ অক্টোবর) সিজেপির সহসমন্বয়ক আশুতোষ রানকা ও সৌরভ দাস পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণের দাবি জানান। রানকা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে বিক্ষোভের তারিখ জানাতে হবে। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। স্বল্প সময়ের নোটিশ, আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগের কথা জানিয়ে অনুমতি প্রত্যাখ্যান করা হয়।
পুলিশের দাবি, বিক্ষোভের বিষয়ে ৭ অক্টোবর তাদের জানানো হয়েছিল। অথচ নিয়ম অনুযায়ী, এ ধরনের কর্মসূচির জন্য অন্তত ১০ দিন আগে আবেদন করতে হয়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ এই কর্মসূচি।
দিল্লি পুলিশের অভিযোগ, এর আগে সিজেপির একটি বিক্ষোভ নির্ধারিত সময়ের পরও চলেছিল, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তবে নতুন করে বিক্ষোভের অনুমতি পেতে চাপ অব্যাহত রেখেছে দলটি।