চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে চীনের উহান শহরের সাবেক মেয়র ঝৌ শিয়ানওয়াংকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ লাখ ইউয়ান জরিমানা করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে অর্জিত অর্থ ও সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) হেনান প্রদেশের শাংচিউ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এ রায় দেন। চায়না ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে : চীন

আদালতের রায়ে বলা হয়, ২০০৩ সালের প্রথমার্ধ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত হুবেই প্রদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নানা ধরনের সুবিধা দেন ঝৌ। প্রকল্পের চুক্তি, ব্যবসা পরিচালনা এবং প্রশাসনিক অনুমোদন পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি ৬ কোটি ৫ লাখ ইউয়ানের বেশি ঘুষ গ্রহণ করেন।

আদালত ঘুষের অর্থের পরিমাণকে ‘অত্যন্ত বেশি’ উল্লেখ করে বলেন, তাঁর অপরাধের জন্য কঠোর শাস্তি প্রাপ্য। তবে কিছু ঘুষের অর্থ তিনি গ্রহণ করতে পারেননি। এ ছাড়া তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন, তদন্তকারীদের অজানা ঘুষ লেনদেনের অনেক তথ্য স্বেচ্ছায় প্রকাশ করেছেন এবং অবৈধভাবে অর্জিত অর্থ ফেরত দিয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাজা নির্ধারণে কিছুটা নমনীয়তা দেখানো হয়েছে।

প্রকাশ্য নথি অনুযায়ী, ৬৩ বছর বয়সী ঝৌ শিয়ানওয়াং হুবেই প্রদেশের বাসিন্দা। ১৯৮০ সালের ডিসেম্বরে তিনি কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৭ সালের জানুয়ারিতে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। কর্মজীবনের পুরো সময় তিনি হুবেই প্রদেশে দায়িত্ব পালন করেন। এ সময় উহানের মেয়রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

২০২৫ সালের জুলাইয়ে ঝৌয়ের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও তদারকিসংক্রান্ত তদন্ত শুরু হয়। চলতি বছরের শুরুর দিকে তাঁকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার এবং সরকারি পদ থেকে অপসারণ করা হয়।

গত এপ্রিলে ঘুষ গ্রহণের অভিযোগে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়। ৯ জুলাই মামলার প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ঝৌ নিজের অপরাধ স্বীকার করেন। বিচার কার্যক্রমে জাতীয় আইনপ্রণেতা ও রাজনৈতিক উপদেষ্টাসহ ২০ জনের বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন।