ইউরোপের দেশ বসনিয়ায় অবৈধ সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

বসনিয়া ও হার্জেগোভিনায় চলতি বছরের প্রথম তিন মাসে অবৈধভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে বা এ ধরনের চেষ্টার সময় ১ হাজার ১৯৩ জনকে শনাক্ত করেছে দেশটির সীমান্ত পুলিশ। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৭৬ শতাংশ বেশি। শনাক্ত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ৬৮ নাগরিক রয়েছেন। এ তালিকায় বাংলাদেশের পাশাপাশি মিশর, আফগানিস্তান, পাকিস্তান ও তুরস্কের নাগরিকরাও রয়েছেন।

বসনিয়া ও হার্জেগোভিনার মন্ত্রিপরিষদ বুধবার (৭ অক্টোবর) চলতি বছরের প্রথম প্রান্তিকের অভিবাসন পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন গ্রহণ করেছে। প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, অবৈধ সীমান্ত পারাপার বা এর চেষ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন মিশরের নাগরিকরা। তাদের সংখ্যা ১৩৬। এরপর আফগানিস্তানের ১১৫ জন, পাকিস্তানের ১১৩ জন, বাংলাদেশের ৬৮ জন এবং তুরস্কের ৬৩ জন রয়েছেন।

এদিকে চলতি বছরের প্রথম তিন মাসে দেশটির বিদেশি নাগরিকবিষয়ক পরিষেবায় ৩ হাজার ৪৬৮ জন অভিবাসীর তথ্য নথিভুক্ত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬৬ শতাংশ বেশি। গত বছরের প্রথম প্রান্তিকে এ সংখ্যা ছিল ২ হাজার ৮৫ জন।

এ সময়ে দেশটির অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রগুলোতে গড়ে ৯২৫ জন অবস্থান করেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৫৮১ জন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

Home R3