ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক নেকাব পরিহিত ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটূক্তির অভিযোগ উঠেছে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে।
বুধবার (৭ অক্টোবর) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একটি ক্লাসে নেকাব পরে সামনে বসায় ওই ছাত্রীকে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। একপর্যায়ে তাকে ‘জঙ্গি’ এবং ‘বোমা মারতে পারেন’ বলেও মন্তব্য করেন শিক্ষক।
শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানকে জানান। পরে তাসনিম সিরাজ মাহবুবকে ওই ক্লাস আর না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিভাগ।
এদিকে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে প্রক্টর কার্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেবেন। একই সঙ্গে সংবাদ সম্মেলনেরও ঘোষণা দিয়েছেন তারা।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, প্রত্যেকের নিজের পছন্দ অনুযায়ী পর্দা করার অধিকার রয়েছে। শিক্ষক সত্যিই এমন মন্তব্য করে থাকলে তা উচিত হয়নি।