আফগানিস্তান ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। মস্কো ফরম্যাটে আফগানিস্তান বিষয়ক বৈঠকের ফাঁকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি চীনের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি ইউয়ে শিয়াওইয়ংয়ের সঙ্গে বৈঠক করেন।
বুধবার (৭ অক্টোবর) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে মাওলানা মুত্তাকি মস্কো ফরম্যাটের আওতায় আফগানিস্তানের প্রতি চীনের গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন।
তিনি বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
চীনের বিশেষ প্রতিনিধি আফগানিস্তান ও চীনের সম্পর্ককে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে চীনের মতামতও আফগান পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।
তিনি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত, পারস্পরিক সহযোগিতা বাড়ানো, অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়া এবং আফগানিস্তানের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করতে দুই দেশের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।
সূত্র : বাখতার নিউজ এজেন্সি