হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ছবি: এ আই

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে প্রজেক্টাইল হামলায় ১১ ভারতীয় নাবিক আহত হয়েছেন। মঙ্গলবার ওমানের উপকূলের কাছে ‘এমটি অন পিস’ নামের জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, হামলার সময় জাহাজটিতে মোট ১৯ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক। হামলায় ১২ জন ক্রু আহত হয়েছেন, যার মধ্যে ১১ জনই ভারতীয়।

এক বিবৃতিতে এমইএ জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় ওমানের উপকূলের কাছে ‘এমটি অন পিস’ জাহাজে একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে বেশ কয়েকজন নাবিক আহত হন।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজে হামলার ধারাবাহিকতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বেসামরিক অবকাঠামো, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে দেশটি।

এমইএর বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন।

ওমানি কর্তৃপক্ষের সহযোগিতায় আহত নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ওমানের খাসাব শহরে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাবিকদের উদ্ধারে সহযোগিতার জন্য ওমানি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Home R3