পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনে নিযুক্ত ইসরাইলি দূতাবাসের ২৭ জন কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স ইসরাইলি কর্তৃপক্ষের কাছে এ বার্তা পৌঁছে দিয়েছেন।
এ ঘটনায় যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হয়েছে।
এর আগে গত মাসে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানের অভিযোগের প্রেক্ষাপটে লন্ডন এ পদক্ষেপ নেয়।
অধিকৃত পশ্চিম তীরে নতুন করে প্রায় ১ হাজার ২০০টি ঘর নির্মাণের ইসরাইলি পরিকল্পনার প্রতিক্রিয়ায়ও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব বসতি অবৈধ বলে উল্লেখ করে বিভিন্ন মহল ইসরাইলের পরিকল্পনার সমালোচনা করেছে।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দেয়।