বাবরি মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের দিন গ্রেপ্তার হয়েছেন বাবরি মসজিদ পুনর্নির্মাণ উদ্যোগের আলোচিত নেতা ও আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোটগ্রহণ চলাকালে তাকে আটক করার পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

পুলিশের দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ এলাকায় ভোট দেওয়ার পর হুমায়ুন কবীর দলীয় কার্যালয়ে যান। সেখানে তিনি উপনির্বাচনে অনিয়ম ও ভোট লুটের অভিযোগ করেন। পরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হলে পুলিশ তাকে আটক করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

গ্রেপ্তারের পর রেজিনগর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

রাজনৈতিক অঙ্গনে হুমায়ুন কবীর আলোচিত একটি নাম। মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরে রাজনৈতিক বিরোধের জেরে পূর্বের দল থেকে বহিষ্কৃত হলে তিনি আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) গঠন করেন।

তার গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সমর্থকদের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইন ও নির্বাচনী বিধি অনুসারেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Home R3