আবাসন, পর্যটন, সরকারি নীতিমালা ও স্থানীয় আবাসন খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পর্তুগালের পোর্তোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের জাতীয় সম্মেলন। এতে ৪০ জনের বেশি বক্তা এবং প্রায় ২০০ জন অংশ নেবেন।
আগামী ৭ ও ৮ অক্টোবর পোর্তোর বাতালহা সিনেমা সেন্টারে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় আবাসন খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
পাব্লিটুরিস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে আবাসন, পর্যটন, সরকারি নীতিমালা, অঞ্চলভিত্তিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও নতুন প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
সম্মেলনে বক্তা হিসেবে থাকবেন, লিসবনের নোভা বিশ্ববিদ্যালয়ের পর্যটনবিষয়ক কৌশলগত পরিচালক আনা মেন্দেস গোদিনহো। তিনি এর আগে শ্রমমন্ত্রী ও পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া অংশ নেবেন তুরিসমু দো পোর্তো এ নোর্তে দ্য পর্তুগালের সভাপতি লুইস পেদ্রু মার্তিন্স এবং তুরিসমু দ্য পর্তুগালের প্রশাসক কাতারিনা পাইভা।
সম্মেলনে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেবেন। আয়োজকদের ভাষ্য, স্থানীয় আবাসন খাতের সঙ্গে আবাসন সংকট, পর্যটন এবং বিভিন্ন অঞ্চলের উন্নয়নের সম্পর্ক নিয়ে সম্মেলনে ভিন্ন ভিন্ন মতামত তুলে ধরা হবে।
সূত্র : দ্য পর্তুগাল নিউজ