১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, যেভাবে করবেন আবেদন

ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইতালিতে বিদেশি কর্মীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ২০২৭ সালে দেশটিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কোটা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের নাগরিকদের জন্যও সুযোগ রয়েছে।

ইতালির ‘ডেক্রেতো ফ্লুসি’ বা ফ্লো ডিক্রির আওতায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়ার কোটা নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালের কোটায় ৭৬ হাজার ২০০ জনের জন্য অস্থায়ী নয় এমন চাকরি, ৮৯ হাজার জনের জন্য মৌসুমি কাজ এবং ৬৫০ জনের জন্য স্বনিয়োজিত কাজের সুযোগ রয়েছে। কৃষি ও পর্যটনসহ বিভিন্ন খাতে এসব কর্মী নেওয়া হবে।

বাংলাদেশি নাগরিকদের জন্যও নির্দিষ্ট কোটায় আবেদন করার সুযোগ রয়েছে। বিশেষ করে মৌসুমি কৃষি ও পর্যটন খাতে বাংলাদেশ তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে।

আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণ কর্মী নিজে সরাসরি সব আবেদন সম্পন্ন করেন না। ইতালিতে থাকা নিয়োগকর্তা অথবা অনুমোদিত ব্যক্তি সংশ্লিষ্ট কর্মীর জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টালের মাধ্যমে কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’র আবেদন করেন।

২০২৭ সালের আবেদনের জন্য নির্ধারিত সময় অনুযায়ী আগ্রহী নিয়োগকর্তারা ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্রের প্রাক প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। এরপর কাজের ধরন অনুযায়ী নির্ধারিত ‘ক্লিক ডে’তে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে। কৃষি খাতের মৌসুমি কাজের জন্য ১২ জানুয়ারি, পর্যটন খাতের মৌসুমি কাজের জন্য ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি চাকরির জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক সহায়তা খাতের জন্য ১৮ ফেব্রুয়ারি ক্লিক ডে নির্ধারিত রয়েছে।

অনলাইনে আবেদন প্রক্রিয়ার জন্য ALI পোর্টালে ডিজিটাল পরিচয় হিসেবে SPID অথবা CIE প্রয়োজন হয়। আবেদন অনুমোদনের পর সংশ্লিষ্ট কর্মীর জন্য কাজের অনুমতিপত্রের প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর কর্মী ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ইতালিতে যাওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ থেকে যারা ইতালিতে বৈধভাবে কাজের জন্য যেতে চান, তাদের দালালের মাধ্যমে অননুমোদিত পদ্ধতিতে আবেদন না করে ইতালির সরকারি নিয়ম, নিয়োগকর্তা এবং অনুমোদিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Home R3