পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং দেশে আইনের শাসন ও সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দাবিতে লংমার্চ শুরু করেছে দলটি। সরকারের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে রোববার (৪ অক্টোবর) এই কর্মসূচি শুরু হয়।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর মিছিলটি খায়রাবাদে পৌঁছালে পরবর্তী আন্দোলনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
এর আগে পিটিআই ও সরকারের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও রোববার সকালে তা ভেঙে যায়। সরকারের পক্ষ থেকে আলোচনার ব্যর্থতার জন্য খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে দায়ী করা হয়েছে। অন্যদিকে পিটিআইয়ের দাবি, সরকারের একতরফা শর্ত ও অযৌক্তিক দাবির কারণে আলোচনা সফল হয়নি।
লংমার্চকে কেন্দ্র করে বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পিটিআই কর্মী লাক্কি মারওয়াতে জড়ো হন। নিরাপত্তার জন্য এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
লংমার্চটি কারাক, কোহাত, পেশোয়ার ও চারসাদ্দা হয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে পাকিস্তান সরকার জানিয়েছে, রাজধানীতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: জিও টিভি