পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর চার দিনব্যাপী বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে ৭১ জনেরও বেশি চরমপন্থী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গত ২১ সেপ্টেম্বর থেকে কোয়েটার শাবান, নুশকি ও মান্দ এলাকায় ‘অপারেশন শাবান’ নামে এই অভিযান চালানো হয়।
সামরিক বাহিনীর দাবি, অভিযানে নিহত ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা রয়েছে। তাদের ‘ভারতের মদতপুষ্ট আফগান প্রক্সি’ বলেও উল্লেখ করেছে পাকিস্তান সেনাবাহিনী।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবিও করেছে আইএসপিআর।
তবে ভারত ও আফগানিস্তান পাকিস্তানের এমন অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। দেশ দুটি পাকিস্তানের হয়ে থাকা প্রক্সি নেটওয়ার্ক বা সীমান্তপারের সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।