যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী নরইস্টার ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি, উপকূলীয় বন্যা ও বড় ঢেউয়ের কারণে ১ লাখ ৩০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের প্রভাবে অন্তত একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসসহ পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের প্রভাব দেখা যায়। বিভিন্ন এলাকায় গাছ পড়ে বাড়িঘর ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক পানিতে ডুবে যাওয়ার পাশাপাশি বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে।
নিউইয়র্কের মনটক পয়েন্টে ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটারে পৌঁছায়। ঝড়টি দুর্বল হয়ে এলেও উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যার ঝুঁকি অব্যাহত রয়েছে।
এদিকে ঝড়ের কারণে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
তথ্যসূত্র: এপি, রয়টার্স