দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে রয়েছে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে দেশটিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে। ফলে চাকরির পাশাপাশি দেশটিতে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করা দক্ষ কর্মীদের জন্যও এটি একটি সম্ভাবনাময় সুযোগ।
সম্প্রতি দুবাইয়ের দুসিত থানি হোটেলে ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের এক ফায়ারসাইড চ্যাটে ওয়াই-অ্যাক্সিসের ডিরেক্টর ক্লিন্ট খান এ তথ্য জানান।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বর্তমানে প্রায় ৩০ লাখ শূন্য পদ রয়েছে। এর মধ্যে প্রায় ৬ লাখ ৫০ হাজারই জার্মানিতে। দক্ষ পেশাজীবীদের জার্মানিতে যাওয়ার অন্যতম মাধ্যম হলো ‘অপরচুনিটি কার্ড’। এর মাধ্যমে ইইউ-বহির্ভূত দেশের নাগরিকরা আগে থেকে চাকরির চুক্তি না থাকলেও চাকরি খুঁজতে সর্বোচ্চ ১২ মাস জার্মানিতে থাকতে পারেন।
এই কার্ডের মাধ্যমে শুরুতে খণ্ডকালীন কাজ করা যায়। পরে পূর্ণকালীন চাকরি পেলে এবং নিয়োগকর্তা স্পন্সর করতে রাজি হলে নির্দিষ্ট ওয়ার্ক পারমিটে পরিবর্তন করা সম্ভব।
কারা আবেদন করতে পারবেন :
পয়েন্টভিত্তিক পদ্ধতিতে অথবা জার্মানিতে স্বীকৃত বিদেশি শিক্ষাগত যোগ্যতা থাকা দক্ষ কর্মীরা অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারেন। পয়েন্ট পদ্ধতিতে স্বীকৃত একাডেমিক বা পেশাগত ডিগ্রি, নিজের খরচ চালানোর মতো অর্থ এবং নির্ধারিত পয়েন্ট প্রয়োজন। কাজের অভিজ্ঞতা, বয়স, পেশাগত যোগ্যতা ও ভাষা দক্ষতার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়।
এ ছাড়া যোগ্য চাকরির অফার ও নির্ধারিত বেতন থাকলে উচ্চশিক্ষিত কর্মীরা ইইউ ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারেন। এই কার্ড স্থায়ীভাবে বসবাসের পথও সহজ করে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে ২৭ মাস পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায়। জার্মান ভাষায় বি-১ পর্যায়ের দক্ষতা থাকলে সময় কমে ২১ মাস হতে পারে।