পর্তুগালে ফিরছে ৪০০ বছরের পুরোনো মেলা, চলবে ১০ দিন

পর্তুগালের ঐতিহাসিক টোমার শহরে ফিরছে ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মেলা। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফেইরা দে সান্তা ইরিয়া’ এই মেলায় থাকবে গান, খাবার, বিনোদন, ধর্মীয় আয়োজন ও নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান।

১৬২৬ সালে শুরু হওয়া এই মেলা এবার ৪০০ বছর পূর্তি উপলক্ষে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। টানা ১০ দিনের এ আয়োজনে থাকছে কনসার্ট, খাবারের দোকান, বিনোদন এবং বহু বছরের পুরোনো বিভিন্ন ঐতিহ্য।

প্রতি বছর টোমারে এই মেলার আয়োজন করা হয়। শুরুতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে মেলাটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। টুপি নির্মাতা, মুদি ব্যবসায়ী, দড়ি প্রস্তুতকারক, জুতা বিক্রেতা, সরাইখানার মালিক, মাছ বিক্রেতা ও সবজি ব্যবসায়ীরা এখানে পণ্য নিয়ে আসতেন। কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে শুধু এই মেলার আয়োজন বন্ধ ছিল।

সময়ের সঙ্গে মানুষের কেনাকাটার ধরন বদলে যাওয়ায় মেলার চরিত্রও পরিবর্তিত হয়েছে। বর্তমানে খাবার, বিভিন্ন ধরনের মেলার রাইড ও সরাসরি সংগীত পরিবেশনা মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এবারের আয়োজনের বড় সংযোজন হলো “ইরিয়া মিউজিক ফেস্ট”। ১৬ অক্টোবর ডিজে পাদ্রে গিলেরমের পরিবেশনার মাধ্যমে এর উদ্বোধন হবে। পরদিন মঞ্চে উঠবেন চিকো দা তিনা ও পি*তা দা লুকুরা। ২০ অক্টোবর প্রায় চার দশক ধরে সংগীত পরিবেশন করে আসা টোমারের ব্যান্ড কুইন্টা দো বিল পরিবেশন করবে।

২১ অক্টোবর ইভান্দ্রো এবং নব্বইয়ের দশকের গান নিয়ে বিশেষ আয়োজন ‘স্মেলস লাইক ৯০’স’ থাকবে। ২২ অক্টোবর পরিবেশন করবে আতওয়া। ২৩ অক্টোবর থাকবে জিএনআর ও ইলেকট্রনিক সংগীতশিল্পী কারেতুসের পরিবেশনা। ২৪ অক্টোবর মঞ্চে উঠবেন বারবারা তিনোকো।

সূত্র : দ্য রেসিডেন্ট

Home R3