ব্রেক্সিট-পরবর্তী নতুন ভ্রমণ ব্যবস্থার আওতায় ২০২৬ সালের শেষ দিকে ইউরোপের প্রায় ৩০টি দেশে প্রবেশের আগে ব্রিটিশ পাসপোর্টধারীদের ইউরোপীয় ভ্রমণ তথ্য ও অনুমোদন ব্যবস্থা (ইটিআইএএস) নিতে হবে। বৈধ অনুমোদন না থাকলে তাদের প্রবেশে বাধা দেওয়া হতে পারে।
ইটিআইএএস চালু হলে যুক্তরাজ্যের নাগরিকদের অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত ফি দিতে হবে। শুরুতে ফি ৭ ইউরো নির্ধারণের কথা থাকলেও পরে তা বাড়িয়ে ২০ ইউরো করার সিদ্ধান্ত হয়েছে। তবে ১৮ বছরের কম এবং ৭০ বছরের বেশি বয়সীদের এই ফি দিতে হবে না।
অনুমোদন থাকলে ভ্রমণকারীরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত স্বল্পমেয়াদি ভ্রমণ করতে পারবেন। অনুমোদনটি পাসপোর্টের সঙ্গে ইলেকট্রনিকভাবে যুক্ত থাকবে।
ইটিআইএএস প্রয়োজন হবে অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডসহ ইউরোপের ৩০টি দেশে। আবেদন সাধারণত দ্রুত অনুমোদিত হলেও ভুল তথ্য, অবৈধ পাসপোর্ট, নিরাপত্তা সতর্কতা বা অসম্পূর্ণ আবেদনের কারণে তা প্রত্যাখ্যাত হতে পারে। তবে প্রত্যাখ্যাত হলে আপিলের সুযোগ থাকবে।
বিভিন্ন কারণে ইটিআইএএস চালুতে একাধিকবার বিলম্ব হয়েছে। তবে আগামী কয়েক মাসের মধ্যে ব্যবস্থা চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।