যুক্তরাজ্যের অনেক মানুষ আবারও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে যেতে চান। নতুন এক জনমত জরিপে এমনই তথ্য উঠে এসেছে।
‘বেস্ট ফর ব্রিটেন’-এর উদ্যোগে ‘ইউগভ’ পরিচালিত এই জরিপে ১১ হাজার ৯২৭ জন ভোটার অংশ নেন। জরিপে দেখা গেছে, দেশটির ৬৩২টি সংসদীয় আসনের মধ্যে ৬২৮টি আসনেই ভোটারদের মধ্যে ইইউতে ফিরে যাওয়ার পক্ষে মত বেশি।
জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ মানুষ বলেছেন, সরকারের ইইউ নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আবার ইইউর সদস্য হওয়ার বিষয়টিকে। বর্তমানে ব্রিটিশ সরকারের অবস্থান হলো, ইইউর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা, তবে সদস্যপদে ফিরে যাওয়া নয়। এই অবস্থানকে সমর্থন করেছেন ১৮ শতাংশ ভোটার।
অন্যদিকে, ইইউর সঙ্গে সম্পর্ক আরও দূরে সরিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন ১১ শতাংশ মানুষ।
তবে চারটি আসনে ভোটারদের মধ্যে ‘জানি না’ উত্তরটি সবচেয়ে বেশি ছিল। আসনগুলো হলো অ্যাশফিল্ড, ক্ল্যাকটন, গ্রেট ইয়ারমাউথ এবং বস্টন অ্যান্ড স্কেগনেস।
জরিপে আরও দেখা গেছে, লেবার, লিবারেল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টির সমর্থকদের মধ্যে ইইউতে ফিরে যাওয়ার পক্ষে সমর্থন তুলনামূলক বেশি। স্কটল্যান্ডেও এই সমর্থন বেশি দেখা গেছে।
জনমত জরিপ বিশেষজ্ঞ প্রফেসর স্যার জন কার্টিসের মতে, ব্রেক্সিটের পর থেকে ইইউতে ফিরে যাওয়ার পক্ষে ব্রিটিশদের সমর্থন এখন সবচেয়ে বেশি। তাঁর হিসাবে, ৬১ শতাংশ ব্রিটিশ নাগরিক বর্তমানে ইইউতে পুনরায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারেন।
এদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা ইইউর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে। সরকারের দাবি, এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।