সংসার খরচের চাপ কমাতে পর্তুগাল সরকারের নতুন পদক্ষেপ

পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে আয়কর কমানো, পেনশনভোগীদের বিশেষ ভাতা, জ্বালানির মূল্যবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত খাতে সহায়তা এবং সবুজ রেল পাসের আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর এসব পদক্ষেপ ঘোষণা করেন প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রু। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ছয়টি আয়কর স্তরে করহার ০.৩ থেকে ০.৫ শতাংশীয় পয়েন্ট কমবে। নভেম্বর থেকে বেতনে এর প্রভাব পড়বে।

ডিসেম্বরে প্রায় ২০ লাখ পেনশনভোগী বিশেষ ভাতা পাবেন। সর্বোচ্চ ৫৩৭.১৩ ইউরো পেনশন পাওয়া ব্যক্তিরা ২০০ ইউরো, ৫৩৭.১৩ থেকে ১ হাজার ৭৪.২৬ ইউরো পর্যন্ত ১৫০ ইউরো এবং ১ হাজার ৭৪.২৬ থেকে ১ হাজার ৬১১.১৩ ইউরো পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিরা ১০০ ইউরো পাবেন।

এ ছাড়া লিসবন ও পোর্তোর নগর রেলসেবাসহ ফার্টাগুস রেলসেবাকে ২০ ইউরোর মাসিক ‘সবুজ রেল পাসের’ আওতায় আনার অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত পরিবহন, ট্যাক্সি, বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী দমকল সংগঠনগুলোকেও সহায়তা দেওয়া হবে।

সরকারের হিসাবে, এসব পদক্ষেপসহ আগে চালু করা সহায়তার মাধ্যমে করদাতাদের প্রায় ২৩০ কোটি ইউরো ফেরত দেওয়া হচ্ছে।

Home R3