সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী ক্রিস্টারসন

সুইডেনের সাধারণ নির্বাচনে বিরোধী মধ্য-বাম জোট জয় পাওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উলফ ক্রিস্টারসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর বিবিসির।

১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সুইডেনের পার্লামেন্ট রিকসডাগের ৩৪৯টি আসনের মধ্যে বিরোধী জোট ১৭৬টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ক্রিস্টারসনের নেতৃত্বাধীন ডানপন্থি জোট পেয়েছে ১৭৩টি আসন। দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় ৫০ হাজার।

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য-বাম বিরোধী জোট এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে নতুন সরকার গঠনের আগে জোটের দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন হবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ক্রিস্টারসন বলেন, নতুন সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করার সুযোগ করে দিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন। এখন নতুন সরকার গঠনের পরবর্তী ধাপের নেতৃত্ব দেবেন রিকসডাগের স্পিকার।

এর আগে ক্রিস্টারসনের সরকার পরিচালনায় অভিবাসনবিরোধী ও কট্টর ডানপন্থি দল সুইডেন ডেমোক্র্যাটসের সমর্থন গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচনের আগে ক্রিস্টারসন দলটিকে সরকারে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। ফলাফল চূড়ান্ত হওয়ার পর রিকসডাগের স্পিকার নতুন সরকার গঠনের জন্য সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করবেন। এরপর পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে ইনস্টাগ্রামে দেওয়া এক বক্তব্যে ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, সুইডেনের জনগণ দেশের জন্য একটি নতুন পথের পক্ষে ভোট দিয়েছে।

তবে নতুন সরকার গঠনের ক্ষেত্রে বিরোধী জোটকেও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা করতে হবে। কারণ নির্বাচনের আগে দলগুলোর দেওয়া বিভিন্ন বক্তব্য ও অবস্থান সরকার গঠনের আলোচনায় প্রভাব ফেলতে পারে।

Home R3