সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন করল আমেরিকা

সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে ৪৮টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরে এফ-৩৫ কেনার আগ্রহ দেখিয়ে আসছে সৌদি আরব। তবে মধ্যপ্রাচ্যে বর্তমানে একমাত্র এফ-৩৫ পরিচালনাকারী দেশ ইসরায়েল সৌদি আরবকে এই যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রি সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে দেশটির সমন্বয় আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দপ্তরটি দাবি করেছে, এতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে না এবং ইসরায়েলের সামরিক সুবিধা বজায় রাখার মার্কিন নীতির সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ।

চুক্তিটি কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে যুদ্ধবিমানগুলো কবে সরবরাহ করা হবে, তা জানানো হয়নি।

এদিকে সৌদি আরবের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এফ-৩৫-এর প্রযুক্তি বেইজিংয়ের হাতে যাওয়ার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ রয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট সদস্য রাজা কৃষ্ণমূর্তি চুক্তিটির বিরোধিতা করেছেন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের কাছে আরও কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বোমা, ট্যাংকের ইঞ্জিন ও রকেটের গাইডেন্স সরঞ্জাম রয়েছে।

সূত্র : এএফপি

Home R3