সুইজারল্যান্ডে পাহাড়ে ধাক্কা খেয়ে বিমান বিধ্বস্ত, আরোহীদের কেউ বেঁচে নেই

সুইজারল্যান্ডের আল্পাইন বা উচ্চ পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির ভ্যালাইস ক্যান্টনের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম ‘সুইসইনফো’র বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ভ্যালাইস আঞ্চলিক পুলিশের দেওয়া বিবৃতির তথ্যানুযায়ী, ‘সিরাস এসআর২২টি’ মডেলের একক-ইঞ্জিনবিশিষ্ট বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। যাত্রা পথে ভ্যালাইসের লয়কারবাডের পাহাড়ি এলাকায় পৌঁছালে সেটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান।

হতাহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাদানকারী দল। তবে বিমানের ভেতরে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি; ঘটনাস্থলেই তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কী কারণে বিমানটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ল, তা জানতে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

Home R3