আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারতের একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের দাবি, পাকিস্তানি যুদ্ধজাহাজটি অত্যন্ত উচ্চগতিতে এসে অপেশাদার এবং ঝুঁকিপূর্ণভাবে গতিপথ পরিবর্তন করায় এই সংঘর্ষ বাঁধে। এই ঘটনার তীব্র ক্ষোভ জানিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) পাকিস্তান হাইকমিশনের জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করে কড়া কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচকে সাউথ ব্লকে তলব করা হয়। আরব সাগরে পাকিস্তানি নৌযানের অগ্রহণযোগ্য এবং অপেশাদার আচরণের আনুষ্ঠানিক অভিযোগ তুলে তাঁর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়। একই ধরনের কড়া প্রতিবাদ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও নির্দেশ দিয়েছে দিল্লি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি টহল চালাচ্ছিল ভারতীয় নৌবাহিনীর প্রথম সারির একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওমানের উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার পূর্বে আন্তর্জাতিক জলসীমায় ঘটনাটি ঘটে। সেখানে ভারতীয় যুদ্ধজাহাজটির খুব কাছ দিয়ে তীব্র গতিতে ছুটে যায় পাকিস্তানি নৌবাহিনীর একটি রণতরী। প্রত্যক্ষদর্শী কর্মকর্তাদের বরাতে জানা যায়, পাকিস্তানি জাহাজটি বিপজ্জনকভাবে গতিপথ বদলাতে গেলে দুই নৌযানের মধ্যে সংঘাত ঘটে।
সংঘর্ষের পরপরই দুই দেশের জাহাজকে দ্রুত ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেনি। তবে পাকিস্তানি নৌবাহিনীর এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ ১৯৯১ সালের এপ্রিলে স্বাক্ষরিত ভারত পাকিস্তান সামরিক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। সামরিক মহড়া, সামরিক নৌযানের গতিবিধি ও পারস্পরিক যোগাযোগ নিশ্চিত করার স্বার্থে ওই চুক্তি করা হয়েছিল। ভবিষ্যতে যাতে এ জাতীয় বিপজ্জনক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য পাকিস্তানের সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দ্বিপক্ষীয় চুক্তি মেনে চলার কড়া তাগিদ দিয়েছে ভারত।
উল্লেখ্য, আরব সাগরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের নৌবাহিনীর মধ্যে এমন মুখোমুখি সংঘাতের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১১ সালের জুন মাসেও পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাবর এবং ভারতীয় নৌবাহিনীর রণতরী গোদাবরীর মধ্যে ঠিক একই ধরনের বিপজ্জনক সংঘর্ষের ঘটনা ঘটেছিল।