দক্ষিণ আফ্রিকায় একাধিক যাত্রীবাহী যানবাহনের মুখোমুখি ও ধারাবাহিক সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দেশটির ব্যস্ততম এন১ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পশ্চিম কেপ প্রদেশের প্রিন্স অ্যালবার্ট ও লি-গামকা শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়, যা রাজধানী কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
দেশটির সড়ক ট্রাফিক ব্যবস্থাপনা করপোরেশন (আরটিএমসি) জানায়, মহাসড়কটিতে প্রথমে দুটি মিনিবাস ট্যাক্সির মধ্যে মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা আরেকটি দ্রুতগতির গাড়ি দুর্ঘটনাকবলিত ট্যাক্সি দুটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে মহাসড়কজুড়ে একাধিক যানবাহনের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের সূত্রপাত ঘটে।
দুর্ঘটনার তীব্রতায় যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মহাসড়কজুড়ে গাড়ির ধ্বংসাবশেষ এবং যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারকাজ শুরু করেন।
উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত তিনজনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় ট্রাফিক প্রশাসন।