যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে সর্বগ্রাসী দাবানল। ‘লিউকাস ফায়ার’ নামের এই দাবানলে ইতোমধ্যে মেন্ডোসিনো ন্যাশনাল ফরেস্ট সংলগ্ন চার হাজার একরেরও বেশি বনাঞ্চল ভস্মীভূত হয়ে গেছে। আগুন দ্রুত গতিতে লোকালয়ের দিকে ছড়িয়ে পড়তে থাকায় শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ‘ক্যাল ফায়ার’-এর বরাত দিয়ে জানানো হয়, লেক কাউন্টি ও মেন্ডোসিনো কাউন্টির সীমান্তবর্তী পটার ভ্যালির নিকটবর্তী অঞ্চলে এই দাবানলের সূত্রপাত হয়। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ১০৯ একর এলাকা গ্রাস করেছে। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা দিনরাত এক করে টানা চেষ্টা চালিয়ে মাত্র ২৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন; বাকি অংশে আগুন এখনও ভয়াবহ রূপ নিয়ে জ্বলছে।
পরিস্থিতির চরম অবনতি হওয়ায় লেক ও মেন্ডোসিনো কাউন্টির একাধিক ব্লকে বাধ্যতামূলক জরুরি উচ্ছেদ আদেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। জীবন বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া আশপাশের আরও অন্তত এক ডজন অঞ্চলে সর্বোচ্চ সতর্কবার্তা বহাল রাখা হয়েছে। দ্রুত সরিয়ে নেওয়া গৃহপালিত পশু ও গবাদিপশুর সুরক্ষার জন্য লেকপোর্টে বিশেষ পশুর শেড স্থাপন করা হয়েছে।
দাবানলের তীব্রতার কারণে মেন্ডোসিনো জাতীয় বনাঞ্চলের সব রাস্তাঘাট, ট্রেইল এবং ক্যাম্পগ্রাউন্ড সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইউএস ফরেস্ট সার্ভিস। বন বিভাগ জানিয়েছে, ২০১৮ সালের নজিরবিহীন ‘র্যাঞ্চ ফায়ার’-এ ক্ষতিগ্রস্ত অঞ্চলেই নতুন করে এই আগুনের তাণ্ডব শুরু হলো, যা চলতি বছরে ক্যালিফোর্নিয়ার ওই এলাকায় সবচেয়ে বড় দাবানলের ঘটনা।
এখন পর্যন্ত দাবানলে কোনো প্রাণহানি বা বড় ধরনের আহতের খবর পাওয়া যায়নি। তবে অতিরিক্ত শুষ্ক আবহাওয়া ও তীব্র তাপপ্রবাহের কারণে আগুনের সূত্রপাত হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।