২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধ নিয়ে আলোচনা করতে তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। আজ রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি প্রতিনিধিদলের এই সফরের লক্ষ্য দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়াও এই সফরের অন্যতম উদ্দেশ্য। সফরকালে আসিম মুনির ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান বাঘাই।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের সময় পাকিস্তান দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ইসলামাবাদ একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তাই এই সফরে চলমান যুদ্ধ ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

এর আগে ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা স্থবির হয়ে যায়।

৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলাও হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলা চালায়। এমতাবস্থায় পাকিস্তানের সেনাপ্রধানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Home R3