১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক

মালয়েশিয়ার তেরেংগানু রাজ্যের ডুংগুনে একটি লৌহ আকরিক খনিতে ঝটিকা অভিযান চালিয়ে ২৪ জন বাংলাদেশিসহ মোট ৪৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। শনিবার সকাল ৮টার দিকে পরিচালিত এই অভিযানে পালানোর চেষ্টা করতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে পড়ে এক বাংলাদেশি আহত হয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, ডুংগুনের বুকিত বেসি এলাকায় মূল সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে অবস্থিত খনিটিতে অবৈধ অভিবাসীদের অবস্থানের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। আটক ৪৯ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশীয়, সাতজন মিয়ানমারের এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ছয়জন নারী ও দুইজন শিশু রয়েছে, যাদের বয়স ১০ মাস থেকে ৬৬ বছরের মধ্যে। আটক সবাইকে অবৈধ অভিবাসী (পিএটিআই) হিসেবে শনাক্ত করা হয়েছে।

অভিযানের কৌশল সম্পর্কে কর্মকর্তা দাতুক লোকমান জানান, খনি এলাকায় অবস্থানরত শ্রমিকদের সন্দেহ এড়াতে ইমিগ্রেশন বিভাগের পরিচিত গাড়ির বদলে সাধারণ ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা হয়। ফলে কর্মকর্তারা পৌঁছানোর আগপর্যন্ত অভিযানের বিষয়টি টের পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা দিগ্‌বিদিক ছুটতে শুরু করেন। কয়েকজন খনির পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় এক বাংলাদেশি নাগরিক খাড়া পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত নামার সময় পা পিছলে নিচে পড়ে যান। এতে তাঁর মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। পরে তাঁকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাঁকে আটক দেখানো হয়।

আটক সবার বিরুদ্ধে মালয়েশিয়ার বিদ্যমান অভিবাসন আইনে মামলা ও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Home R3