পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা আখ্যা দিয়ে প্রতিবেশী ভারতকে কঠোর ভাষায় সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত যদি সঠিক পথে ফিরে না আসে, তবে তাদের সরাসরি জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ইসলামাবাদে নবনির্মিত ‘ইয়াদগার-ই-ফাতাহ’ বা বিজয় স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। মাত্র আট মাসে নির্মিত এই স্থাপনাটিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ‘মারকা-ই-হক’ নামের সামরিক অভিযানে সফলতার জন্য ফিল্ড মার্শাল মুনির ও তাঁর দলকে অভিনন্দন জানান পাক প্রধানমন্ত্রী।
শাহবাজ শরিফ বলেন, “পাকিস্তান এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। তবে আমাদের এই শান্তির আকাঙ্ক্ষাকে কেউ যেন দুর্বলতা মনে না করে।” তিনি দাবি করেন, সশস্ত্র বাহিনীর বীরত্বে পুরো জাতির মাথা উঁচু হয়েছে এবং শত্রুপক্ষকে অত্যন্ত লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে।
বক্তব্যে কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতেও পাকিস্তানের জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। শাহবাজ শরিফ বলেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে এবং কাশ্মীরিদের আত্মত্যাগও কখনো বৃথা যাবে না।
দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, একটি ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিই হারাতে পারে না। তাই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।