১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে পুরোনো স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্কার কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত ও দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ কারখানায় কাজ চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আটজনের মধ্যে তাৎক্ষণিকভাবে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁরা হলেন—ভাটিয়ারী এলাকার বাসিন্দা সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জাহাজ কাটার কাজ করার সময় হঠাৎ ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে ভেতরে কর্মরত শ্রমিকরা দ্রুত অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজের ভেতর থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, কারখানাটি থেকে মোট ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম গণমাধ্যমকে জানান, স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাস লিকেজের কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে মোট আটজন প্রাণ হারিয়েছেন এবং আহতদের সুচিকিৎসায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটির তদন্তে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Home R3