১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে স্বর্ণ উত্তোলনের হিড়িক

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখসান প্রদেশে সোনা উত্তোলনের ব্যাপক হিড়িক বা ‘গোল্ড রাশ’ শুরু হয়েছে। প্রদেশের শিওয়া অঞ্চলে, যেখানে একসময় গবাদিপশু চরত এবং শান্ত পরিবেশ বজায় ছিল, সেখানে এখন দিন-রাত চলছে এক্সকাভেটরের অবিরাম খননকাজ।

২০২১ সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় আয় বাড়াতে খনি খাতে বিশেষ জোর দিয়েছে তালেবান সরকার। বাদাখসানের খনি বিভাগের প্রধান আব্দুল মতিন রহিমজাই জানান, বর্তমানে এই অঞ্চলে প্রায় ৭০০টি নিবন্ধিত কোম্পানি সোনা উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন খনি চুক্তির ফলে এ খাতে বার্ষিক ২৫ থেকে ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে।

নিবন্ধিত খনি কোম্পানিগুলোকে প্রতি হেক্টর জমির বিনিময়ে সরকারকে মাসে ২০ গ্রাম সোনা বা সমপরিমাণ অর্থ কর দিতে হয়। গত বছর শুধু বাদাখসান থেকেই সরকার ১১২ কেজি স্বর্ণ রাজস্ব হিসেবে সংগ্রহ করেছে। তবে অনিয়ন্ত্রিত খননের ফলে সৃষ্ট কাদামাটিতে সেতু, দোকানপাট ও স্কুল চাপা পড়ার মতো পরিবেশগত ধ্বংসযজ্ঞের কারণে সম্প্রতি ২২৫টি খনি সাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

Home R3