৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী

রাজধানীতে এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ার’-এর নামে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন এবং বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না; বরং এটি দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের যৌক্তিক পরিণতি। যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন কিংবা মিথ্যা মামলার শিকার হয়েছেন— তাদের আত্মত্যাগের ধারাবাহিকতার মধ্য দিয়েই এই আন্দোলন সফল হয়েছে।

স্বৈরাচারী শাসনামলের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক ক্ষেত্রে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে, যারা বহু আগে মারা গেছেন, হজে ছিলেন বা শারীরিকভাবে অক্ষম ছিলেন।

সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী জানান, তার দায়িত্ব গ্রহণের পর আবৃত্তিকে শিল্পের স্বতন্ত্র শাখা হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে জাতীয় সংসদে আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নৃত্য ও সংগীতের মতো দেশের স্বীকৃত শিল্পশাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আবৃত্তি মানুষকে গণতন্ত্রমুখী, মুক্তচিন্তার ও মানবিক করে তোলে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও রক্তপাতহীন সমাজ গঠনে আবৃত্তিশিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগের পাশে সরকার থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

Home R3