৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় জরুরি: সেনাপ্রধান

আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে, আবার ইসলামিক শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। এর ফলে ইসলামিক শিক্ষায় শিক্ষিত অনেকের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে।

তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বিত একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সঠিকভাবে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা গেলে আগামী ৩০ বছরে একটি আদর্শ ও নৈতিক জাতি গঠন সম্ভব হবে।

ওয়াকার-উজ-জামান জানান, নবপ্রতিষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ করা। প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Home R3