স্পেনের উত্তরাঞ্চলের বুর্গোস প্রদেশের ছোট্ট গ্রাম আভেলানোসা দে মুনিও আগামী ১২ আগস্ট এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার কারণে বিশ্বজুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন ইউরোপের মূল ভূখণ্ড থেকে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ, যা ১৯৯৯ সালের পর প্রথম। স্পেনে ১৯১২ সালের পর এটিই হবে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। এই গ্রহণের পূর্ণতা যে সংকীর্ণ পথে দৃশ্যমান হবে, সেই পথেই অবস্থিত গ্রামটি।
মাদ্রিদের পদার্থবিদ ড. মারিয়া তেরেসা লোপেজ সানচেজ জানান, সূর্যাস্তের ঠিক আগে গ্রহণটি ঘটবে। ফলে কয়েক মিনিটের ব্যবধানে মানুষ যেন দুটি সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা পাবেন।
এছাড়া একই রাতে আকাশে দেখা যাবে পার্সেইড উল্কাবৃষ্টি, যা এই ঘটনাকে আরও বিশেষ করে তুলবে।
গ্রামটির ভৌগোলিক অবস্থান সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য আদর্শ। চারপাশে খোলা দিগন্ত, সোনালি গমক্ষেত এবং আলোকদূষণহীন পরিবেশ একে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণস্থলে পরিণত করেছে।
বর্তমানে মাত্র ১০ জনের মতো স্থায়ী বাসিন্দার এই গ্রামটি একসময় প্রায় ২০০ মানুষের বসতিস্থল ছিল। কৃষিভিত্তিক জীবনধারা বদলে যাওয়ায় ধীরে ধীরে মানুষ শহরমুখী হয়ে পড়ে।
তবে এই বিরল ঘটনার উপলক্ষে অনেক প্রাক্তন বাসিন্দা ও পর্যটক গ্রামে ফিরছেন। স্পেনসহ যুক্তরাজ্য, ফ্রান্স ও ভেনেজুয়েলা থেকে আগ্রহীরা ইতোমধ্যে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন।
স্থানীয় ও পর্যটকদের আগমনে গ্রামটি আবারও সাময়িকভাবে প্রাণ ফিরে পাবে। বহুদিনের নিস্তব্ধতার পর আত্মীয়-স্বজনের কোলাহল ও উৎসবমুখর পরিবেশে ভরে উঠবে এলাকা।
বিশেষজ্ঞদের মতে, ভূগোলগত কারণে স্পেনের এই প্রায় বিস্মৃত গ্রামটি ওই দিন অল্প সময়ের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে।