২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড নেপলস

ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলস শহরের কাছে কামপি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পে বিদ্যুৎ বিভ্রাট, ট্রেন ও মেট্রো চলাচলে বিঘ্ন এবং কিছু ভবনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩ কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পনে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় রেল ও মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

জনবহুল আগ্নেয়গিরি অঞ্চল কামপি ফ্লেগ্রেইয়ে সাম্প্রতিক বছরগুলোতে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ১৯৮০-এর দশকের পর এটি ওই অঞ্চলে অনুভূত অন্যতম শক্তিশালী ভূমিকম্প।

উল্লেখ্য, ইতালি ইউরোপের অন্যতম ভূকম্পনপ্রবণ দেশ। অতীতে দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

Home R3