২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

শুধু পদত্যাগ নয়, সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে: নাহিদ

শুধু পদত্যাগ নয়, সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে: নাহিদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে—এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিচারের মুখোমুখি করা জরুরি।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তাকে ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে—তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন কি না, নাকি রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত নেবেন—তা নিয়ে আলোচনা চলছে। তবে এনসিপির অবস্থান স্পষ্ট, পদত্যাগের পাশাপাশি বিচারও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয় এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।