মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে আরব লীগ। সংস্থাটি ইরানের সাম্প্রতিক হামলাগুলোর তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি বলেন, ইরানের উপসাগরীয় আরব দেশসমূহ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চল (কেআরআই)-এ পরিচালিত হামলা ‘অপরাধমূলক ও বেপরোয়া’। তিনি অভিযোগ করেন, বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতে ইরানের ক্রমবর্ধমান হামলার ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফাহমির মতে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এর মাধ্যমে অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, “যেকোনো আরব দেশের ওপর হামলা পুরো আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপর আঘাতের শামিল।”
আরব লীগ ইরানকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে সব ধরনের হামলা বন্ধ করার পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা বিঘ্নিত করার মতো কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। এসব হামলায় একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়।
তবে এ হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান। এর আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী গোষ্ঠীগুলোর ওপর একাধিকবার হামলা চালিয়েছে দেশটি।