১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মসজিদ নির্মাণ করবেন ববিতা, এটাই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন

চলিত্র অভিনেত্রী ববিতা তার জন্মভিটা যশোরের বিজয়নগরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি পারিবারিক এলাকায় গিয়ে তিনি মসজিদের জন্য জমি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ববিতা বলেন, দাদাবাড়িতে গিয়ে মসজিদ নির্মাণের জন্য জমি দেখে চূড়ান্ত করে এসেছেন। তিনি মনে করেন, সৃষ্টিকর্তা তাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে লালিত এই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও জানান, গ্রামের মানুষের জন্য একটি স্থায়ী ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা অনেকদিনের। সেই লক্ষ্যেই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জীবনের অনিত্যতার কথা উল্লেখ করে ববিতা বলেন, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চান তিনি। শিগগিরই মসজিদের নকশা প্রণয়ন করে ধাপে ধাপে নির্মাণকাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

মসজিদ নির্মাণকে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হিসেবে উল্লেখ করে ববিতা বলেন, এখন তার প্রধান লক্ষ্য এই কাজটি সম্পন্ন করা। এজন্য সবার দোয়া কামনা করেন তিনি।

Home R3