পর্তুগালের বেজা জেলার ভিলা নোভা দে মিলফন্তেস এলাকা থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে বাংলাদেশি কিশোরী তাহরিম। এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ তাহরিমের বাবা সিতাব মিয়া মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং বর্তমানে পর্তুগাল প্রবাসী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে তাহরিম বাসার পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাহরিমের বাবা সিতাব মিয়া বলেন, “আমি শুধু আমার মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে চাই।” তিনি জানান, বিষয়টি দ্রুত পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড (জিএনআর) এবং বাংলাদেশ দূতাবাসকে অবহিত করা হয়েছে।
জানা গেছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পর্তুগালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এদিকে, তাহরিমের পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সবার কাছে সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাহরিমের সন্ধান পেলে নিকটস্থ পুলিশ, জিএনআর কার্যালয় বা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে +৩৫১৯২০৩৭৯৪৭২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
পরিবারের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় খুব শিগগিরই তাহরিমকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।