১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, তুরস্কে শতাধিক চিকিৎসককে বহিষ্কার

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রসূতিদের সিজার অপারেশন করানোর অভিযোগে তুরস্কের পর্যটন শহর আন্তালিয়ায় শতাধিক চিকিৎসক ও প্রসূতি বিশেষজ্ঞকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, বহিষ্কারের পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। কয়েকজনকে জরিমানা করা হয়েছে, কারও বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং বাকিদের বাধ্যতামূলক প্রশিক্ষণে পাঠানো হয়েছে।

তুরস্কে নিম্নগামী জন্মহার বাড়াতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বাধীন সরকার ২০২৫ সালে ‘পরিবার দশক’ নামে ১০ বছর মেয়াদি একটি কর্মসূচি গ্রহণ করে। এর আওতায় জরুরি স্বাস্থ্যগত কারণ ছাড়া সিজার অপারেশন নিষিদ্ধ করা হয়, যাতে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা যায়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তুরস্কে প্রতি বছর জন্ম নেওয়া শিশুদের প্রায় ৬১ দশমিক ৫ শতাংশ সিজার অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করে, যা ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স জানায়, উচ্চ সিজারিয়ান হারের কারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা জারির পর এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হলো।

তবে তুর্কিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ নেতা ডা. আয়েশে গুলতেকিনগিল এ পদক্ষেপের সমালোচনা করে বলেন, সমস্যাটি মূলত স্বাস্থ্যখাতের কাঠামোগত। এসব সমস্যা সমাধান না করে শুধুমাত্র চিকিৎসকদের শাস্তি দিলে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়।

Home R3