বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে তুরস্ক নতুন আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম শক্তিশালী মেরু হিসেবে আত্মপ্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
শুক্রবার (১০ জুলাই) জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ক্যাডেটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এরদোগান বলেন, বৈশ্বিক নিরাপত্তার প্রচলিত ধারণা ও কাঠামোয় আমূল পরিবর্তন ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে রূপ দিচ্ছে। আধুনিক যুদ্ধ এখন আর কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়; বরং সাইবার হামলা, অপতথ্য প্রচারণা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাতও এর অংশ হয়ে উঠেছে।
তিনি উল্লেখ করেন, আত্মঘাতী ড্রোনসহ মানুষবিহীন আকাশ ও নৌযান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি এখন সামরিক সংঘাতের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির কথা তুলে ধরে এরদোগান জানান, তুরস্কের প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদনের হার ৮২ শতাংশে পৌঁছেছে। এসব সরঞ্জাম মাঠপর্যায়ে ব্যবহার করে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে আরও উন্নয়ন করা হচ্ছে।
তিনি বলেন, প্রকৌশলী, সফটওয়্যার নির্মাতা এবং প্রায় চার হাজার প্রতিষ্ঠান এই খাতে কাজ করছে, যা তুরস্ককে নিজস্ব প্রযুক্তিতে আধুনিক সামরিক সক্ষমতা অর্জনে সহায়তা করছে।
প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রেও রেকর্ড অর্জনের কথা জানান তিনি। এরদোগান বলেন, গত ১২ মাসে তুরস্ক ১ হাজার ১০০ কোটি ডলারের বেশি প্রতিরক্ষা ও মহাকাশ পণ্য রপ্তানি করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রপ্তানি দাঁড়িয়েছে ৪৬৬ কোটি ৫০ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।
তিনি আরও বলেন, এসব অর্জন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের দ্রুত অগ্রগতির প্রতিফলন।
সূত্র: ইয়নি সাফাক