১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় নিহত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে এক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সংঘটিত এই দুর্ঘটনার তথ্য দেশটির সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস প্রকাশ করেছে।

দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন পরিচারক ছিলেন। দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, নৌকাটি হন মে রুট দ্বীপ থেকে আন থোই বন্দরের দিকে যাওয়ার সময় উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে সাগরে উল্টে যায়। দুর্ঘটনার সময় সমুদ্র ছিল অত্যন্ত উত্তাল এবং প্রবল ঢেউয়ের কারণে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় হো চি মিন সিটি ও হ্যানয়ে জরুরি রেসপন্স সেন্টার স্থাপন করা হয়েছে।

এক বিবৃতিতে দূতাবাস জানায়, স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার কার্যক্রম চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের ফু কুওক দ্বীপ ভারতীয় পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। এর মধ্যেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা গভীর শোকের সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স

Home R3