১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর ইরানের গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি গুরুত্বপূর্ণ রেল সেতু পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সংবাদ সংস্থার বরাত দিয়ে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দ্রুত পুনর্নির্মাণের মাধ্যমে সেতুটি পুনরায় চালু হওয়ায় গুরুত্বপূর্ণ এই রেলপথে স্বাভাবিক যোগাযোগ ফিরে এসেছে।

গোলেস্তান প্রদেশের গভর্নর আলী-আসগর তাহমাসবি বলেন, হামলার একদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত সেতুটি পুনরুদ্ধার করা শত্রুভাবাপন্ন শক্তির বিরুদ্ধে একটি শক্ত বার্তা। তিনি এটিকে আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে কার্যকর প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, এই রেলপথটি তুর্কমেনিস্তানসহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ইরানের উত্তরাঞ্চলের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৌশলগত দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত।

সূত্র: ডন

Home R3