ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি—মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর উইয়ন নিউজের।
বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, “মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না।”
তিনি জানান, সংঘাত শুরুর পর থেকেই ইতালি সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার নীতি অনুসরণ করছে।
ইতালির গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান সংকটের শুরু থেকেই রোম সামরিক পদক্ষেপে জড়াতে অনাগ্রহী। এর আগে গত মার্চে মধ্যপ্রাচ্যগামী একটি মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এ সিদ্ধান্তের মাধ্যমে দেশটি সংকটে জড়াতে অনীহার বিষয়টি স্পষ্ট করে।
বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে অংশ না নেওয়ার ঘোষণা মধ্যপ্রাচ্য ইস্যুতে ইতালির নিরপেক্ষ ও শান্তিকামী নীতিরই প্রতিফলন।