পর্তুগালে বিদেশি কর্মীদের নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সামাজিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১ লাখ ৬২ হাজারের বেশি বিদেশি কর্মী হঠাৎ করে তালিকা থেকে বাদ পড়েছেন এবং পরে আর ফিরে আসেননি।
এর মানে হতে পারে—অনেকেই পর্তুগাল ছেড়ে অন্য দেশে চলে গেছেন। আবার কেউ কেউ দেশেই আছেন, কিন্তু আর বৈধভাবে কাজ করছেন না।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে এই সংখ্যা ৬৬ শতাংশ বেড়েছে, যা বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
আগে ২০২৩ সালে প্রতিদিন গড়ে ২৬৭ জন কর্মী তালিকা থেকে বাদ পড়তেন। এখন ২০২৫ সালে তা বেড়ে প্রতিদিন প্রায় ৪৫৫ জনে দাঁড়িয়েছে।
দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্রাজিলের নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন। ২০২৫ সালেই প্রায় ৬০ হাজার ব্রাজিলিয়ান কর্মী হারিয়ে গেছেন এই তালিকা থেকে।
এছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালের কর্মীদের ক্ষেত্রেও দ্রুত বৃদ্ধি দেখা গেছে। এক বছরের মধ্যে এদের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি পর্তুগালের চাকরির বাজার ও অভিবাসন ব্যবস্থার ওপর চাপ ফেলতে পারে। একই সঙ্গে বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।