ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণ নয়, মুসলিম বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যেও গভীর শোক সৃষ্টি করেছে।
তিনি বলেন, খামেনির জানাজা ও দাফনে মানুষের ব্যাপক অংশগ্রহণ সন্ত্রাস, সহিংসতা ও শক্তি প্রদর্শনের রাজনীতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হবে। একই সঙ্গে এটি দেখিয়ে দেবে, ইরানের জনগণ দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ।
বৃহস্পতিবার (২ জুলাই) জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, বিশাল জনসমাগম বিশ্বকে জানিয়ে দেবে যে ইরানের জনগণ কোনো চাপ বা হুমকিতে ভীত নয়। কোনো ঘটনাই এই জাতির দৃঢ় মনোবল ভাঙতে পারবে না। আমরা একটি সমৃদ্ধ, স্বাধীন, শক্তিশালী ও গর্বিত ইরান গড়ে তুলব।
তিনি বলেন, ইরানের জনগণ এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও প্রমাণ করবে যে তারা নেতার আদর্শ ও পথের প্রতি অনুগত।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস, শোকাহত হলেও আশা ও দৃঢ় সংকল্প নিয়ে ইরানের জনগণ দেখিয়ে দেবে, যে পতাকার জন্য এই মহান নেতা সারা জীবন সংগ্রাম করেছেন, সেই পতাকা কখনো মাটিতে পড়বে না।