৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ‘শেষ রক্তবিন্দু পর্যন্ত’ লড়বে কিউবা: প্রেসিডেন্ট

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ‘শেষ রক্তবিন্দু পর্যন্ত’ লড়বে কিউবা: প্রেসিডেন্ট

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে তার দেশ তা প্রতিরোধ করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া হুমকির প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কিউবার জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় ‘শেষ রক্তবিন্দু পর্যন্ত’ লড়াই করবে।

সাম্প্রতিক মন্তব্যে ট্রাম্প বলেছেন, কিউবা আমাদের পলিকল্পনার আওতায় আসছে। এর জবাবে দিয়াজ-কানেল অভিযোগ করেন, ওয়াশিংটন কিউবার বিরুদ্ধে গণমাধ্যমনির্ভর বিভ্রান্তি ও মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল চালিয়ে যাচ্ছে। তিনি ট্রাম্পের বক্তব্যকে অগ্রহণযোগ্য, কিউবার জনগণের মর্যাদার প্রতি অপমান এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।

কিউবার নেতা বলেন, তাঁর সরকার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিতে পারছে না। তবে সে ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যদি হামলা হয়, তাহলে কিউবার জনগণ ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ গড়ে তুলবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধকে ভয়ও করি না।

দিয়াজ-কানেল কিউবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রসঙ্গ টেনে উনিশ শতকের সামরিক নেতা আন্তোনিও মাসেওর একটি বিখ্যাত উক্তি তুলে ধরেন। তিনি বলেন, কেউ যদি কিউবা দখল করার চেষ্টা করে, তবে সে কেবল রক্তে ভেজা এই মাটির ধুলোই নিয়ে যেতে পারবে।

Home R3