৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষ ষোলোতে উঠেই অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

নকআউট ম্যাচের আগমুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল কথাটা। সূত্রটাও যেন-তেন কেউ নয়। খোদ রোনালদোর বোন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে টরন্টো স্টেডিয়ামের বাইরে বোন কাতিয়া এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন,‘আমার বিশ্বাস এটাই তার শেষ।’

এ নিয়ে ম্যাচ শেষে মুখ খুলেছেন খোদ পর্তুগিজ অধিনায়ক। তবে বোনের দেওয়া অবসরের বার্তা এক প্রকার উড়িয়ে দিলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, এ মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। জিতি বা হারি, টুর্নামেন্ট শেষে পরিবারের সঙ্গে কথা বলব। তারপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্ত নেব।

আরও যোগ করেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। সবকিছুই শান্তভাবে করি। এই মুহূর্তটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এর আগে ম্যাচ শুরুর মুখে বোন কাতিয়া আভেইরো স্টেডিয়ামে এসে জোর দিয়ে বলেছিলেন, “আমার কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, সমর্থকরা এবার তাকে (জাতীয় দল থেকে) বিদায় জানাতে পারেন। আজই নয়, তবে আমার মনে হয় এটাই তার শেষ (লাস্ট ডান্স)।

প্রসঙ্গত, টরন্টোতে রাউন্ড অব বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর পেনাল্টি শট থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচ বা নকআউট পর্বে গোলের দেখা পেলেন সিআরসেভেন। পরে গঞ্চালো রামোসের ৯৪ মিনিটের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে রোনালদোরা। পরের ধাপে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

Home R3